খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে গণধর্ষণের অভিযোগকে ভুয়া আখ্যায়িত করে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। এ বক্তব্য ‘মুহূর্তের ভুল’ বলে তার দাবি।
পাহাড়ে সহিংসতা ও তিন জন নিহতের ঘটনায় এনসিপির নীরবতা ও হান্নান মাসউদের মন্তব্যের জেরে সোমবার (২৯ সেপ্টেম্বর) দলটির নেতা অলিক মৃ দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
এ ব্যাপারে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হান্নান মাসউদের বক্তব্যকে ‘মিথ্যাচার’ হিসেবে উল্লেখ করেন তিনি।
অলিক মৃ লেখেন খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিন জন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে আবদুল হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগপত্র দলের ই-মেইল এবং দফতরে পাঠিয়েছি। এনসিপির জন্য শুভকামনা। ইনকিলাব জিন্দাবাদ।’
এর আগে হান্নান মাসউদ বলেছিলেন, ‘বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। তারা শেষ ট্রাম্পকার্ড খেলছে, পার্বত্য অঞ্চলকে তারা অস্থিতিশীল করে তুলছে। একটা ভুয়া ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি ও পার্বত্য পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়েছে। বাংলাদেশের মানুষ এই ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড়বে?... ভারতকে জবাব দেওয়া হবে ৷ বাংলাদেশ সরকারকে এ জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে।’
অলিক মৃর পদত্যাগ এবং তীব্র সমালোচনার মুখে সোমবার (সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক পোস্টে হান্নান মাসউদ তার বিতর্কিত মন্তব্যটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।
তিনি উল্লেখ করেন ‘গতকাল (২৮ সেপ্টেম্বর) দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ব্যবহার করে ফেলি, যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না।’
তিনি লেখেন, ‘ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে। এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত। আশা করি আমার শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকরা এটাকে আমার মুহূর্তের ভুল হিসেবেই বিবেচনা করবেন।’
তিনি আরও বলেন, ‘পাহাড় ও সমতলের বাংলাদেশের সব নাগরিকের প্রতি আহ্বান থাকবে পরাজিত ও ফ্যাসিবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে ঐকবদ্ধ থাকুন। আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। উভয় পক্ষের কথা গুরুত্ব দিয়ে শোনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানাই।’
উল্লেখ্য, পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে উত্তেজনা শুরু হয়। এই অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ দ্রুত সহিসংতা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু এর মধ্যেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গুলিতে অন্তত তিন জন নিহত হন।
এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নীরবতার’ অভিযোগ তুলেছেন দলটির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ। ফেসবুকে পদত্যাগেরও ঘোষণা দিয়েছেন তিনি। ঘোষণায় এনসিপি নেতা হান্নান মাসউদের বিরুদ্ধের ‘মিথ্যাচারের’ অভিযোগও তোলেন অলিক মৃ।