বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নাহিদ লিখেছেন, “বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা খালেদা জিয়া। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন।”
নাহিদ বলেন, “ফ্যাসিবাদী রাষ্ট্রচক্রের লাগাতার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা এবং রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তার অটল মনোবল ও আপসহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
তিনি আরও লিখেন, “১৯৯০'র গণঅভ্যুত্থান, স্বৈরতন্ত্রবিরোধী সংগ্রাম এবং পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্বে তাঁর দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বাংলাদেশের বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে।”
বিএনপির চেয়ারপারসনের পূর্ণ আরোগ্য ও সুস্থতা কামনা করেন নাহিদ। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক উত্তরণের সংকটময় সময়, যখন দেশ পুনরায় গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, সে প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি ও রাজনৈতিক অভিজ্ঞতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বিএনপি চেয়ারপারসনের দীর্ঘ অবদান স্মরণ করে তার সুস্থতা কামনা করেন এনসিপি আহ্বায়ক।