কখনো পুলিশ কখনো কৃষক বেশে ভোট চাচ্ছেন জোহা

কখনো পুলিশ কখনো কৃষক বেশে ভোট চাচ্ছেন জোহা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীদের চেষ্টার কমতি নেই। এজন্য কেউ কেউ প্রচারণায় এনেছেন ভিন্নতা। তবে ভিন্নধর্মী প্রচারণায় নেমে ভোটারদের নজরে এসেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসান জোহা। কখনো পুলিশ আবার কখনো কৃষক সাজে দেখা যাচ্ছে তাকে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চতুর্থ দিনের প্রচারণায় ভিন্ন সাজে দেখা যায় ‌‘সম্মিলিত শিক্ষার্থী জোট’র জাহিদ হাসান জোহাকে। এর আগে তিনি পুলিশের সাজে এসেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীরা প্রচলিত মাইকিং, ব্যানার বা পোস্টারের বাইরে গিয়ে ভিন্নধর্মী কৌশলে প্রচারণায় নেমেছেন। কেউ লিফলেটকে টাকার নোট বা জমির দলিলের আকারে বানিয়েছেন, কারও লিফলেট ডাকটিকিটের মতো ছোট। কেউ আবার পুলিশের পোশাকে ভিডিও বার্তা ছড়িয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছেন।

সরেজমিনে দেখা গেছে, প্রার্থীরা সকাল-বিকেল হলে হলে ঘুরে হাতে হাতে লিফলেট পৌঁছে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন অনেকে। এতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

ভিন্নধর্মী প্রচারণার বিষয়ে জানতে চাইলে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসান জোহা বলেন, ‘আমি যেহেতু সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছি, তাই একটু ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি—যাতে আমার প্রচারণার মাধ্যমেই আমার পদটি ফুটে ওঠে। এর আগে আমি প্রচারণামূলক ভিডিও অনলাইনে প্রকাশ করেছি। সেখান থেকে ব্যাপক সাড়া পেয়েছি। পাশাপাশি অফলাইনেও শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘জয়ের আশা সবারই থাকে। আমি মনে করি যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, আমার জয়ের সম্ভাবনা ততই বাড়বে। আমি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সংস্কৃতি চর্চার সঙ্গে কর্মী ও সংগঠক হিসেবে যুক্ত আছি। তাই সংস্কৃতির শূন্যতা কোথায়, প্রতিবন্ধকতা কী—সে বিষয়ে আমি ভালোভাবেই জানি। এ কারণেই আমি সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানে কাজ করার চেষ্টা করবো।’

মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin