বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন মাওলানা হাবীবুল্লাহ
বাংলা ট্রিবিউন রিপোর্ট
বাংলাদেশ খেলাফত মজলিস এখনও কোনও নির্বাচনি জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনও নির্বাচনি জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। আপাতত আমরা জুলাই-সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন আছি। এই আন্দোলন সফলের কোনও বিকল্প নেই।’
সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর মুহাম্মাদপুরে মামুনুল হকের বাড়িতে তার ব্যক্তিগত কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাওলানা হাবীবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। তিনি আমিরে মজলিসের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ-সদস্য জাকির হোসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ ।
যোগদান অনুষ্ঠানে মামুনুল হক বলেন, ‘সংগঠনের যেকোনও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সর্বোচ্চ সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই গ্রহণ করা হবে। প্রথমে বিষয়টি সংগঠনের রাজনৈতিক সেলে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হবে, তারপর তা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’তে উপস্থাপন করা হবে। সেখান থেকে কেন্দ্রীয় মজলিসে শূরায় আলোচনার পরই সিদ্ধান্ত গৃহীত হবে।’
প্রয়োজনে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামতও গ্রহণ করা হবে বলে জানান তিনি।
তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে মামুনুল হক বলেন, ‘জনগণের সঙ্গে মিশে কাজ করতে হবে, তাদের ভাবনা ও মনোভাব বুঝতে হবে। সংগঠনের সিদ্ধান্ত যেন জনগণের চাওয়া-পাওয়া ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়—সে দিক বিবেচনায় রেখেই কার্যক্রম পরিচালনা করতে হবে।’
মাওলানা মামুনুল হক সাম্প্রতিক ধর্মীয় ইস্যুতেও গভীর উদ্বেগ প্রকাশ করেন।