কুড়িগ্রামে জনজীবন স্বাভাবিক, নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেফতার ৩৩

কুড়িগ্রামে জনজীবন স্বাভাবিক, নাশকতার চেষ্টার অভিযোগে গ্রেফতার ৩৩

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে কুড়িগ্রামে জনজীবন স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন রুটে মালবাহী ও গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন দফতরে দিনের স্বাভাবিক কার্যক্রম চলছে।

জেলার শহরসহ উপজেলা শহরে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান চলছে। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান, বাজার ও দোকানপাটে বেচাকেনা ও লেনদেন স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান কবির বলেন, ‘জেলার সব রুটে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবহন সেক্টরসহ কোনও পর্যায়েই কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির কোনও প্রভাব পড়েনি।’

এদিকে লকডাউনে নাশকতা চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২০ জনসহ গত দুই দিনে কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগেরও বেশ কিছু নেতাকর্মী রয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম বলেন, ‘তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় ২০ জনসহ গত দুই দিনে মোট ৩৩ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত চলমান থাকবে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin