ক্যারিবিয়ান সাগরে আবারও একটি সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার কয়েক ঘণ্টা পরই এ অঞ্চলে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত সামরিক অভিযানের দায়িত্বে থাকা মার্কিন অ্যাডমিরাল আলভিন হোলসি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এবার প্রথমবারের মতো কিছু ক্রু সদস্য জীবিত উদ্ধার হয়েছে। তবে হামলার বিস্তারিত তিনি প্রকাশ করেননি। এখন পর্যন্ত পেন্টাগন বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেউই আনুষ্ঠানিকভাবে হামলার স্বীকৃতি দেননি।
সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্র এ নিয়ে ক্যারিবিয়ানে অন্তত ছয়টি হামলা চালিয়েছে, যেখানে ২৭ জনের বেশি নিহত হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে।
এই সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনি বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন এবং ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতারা। তাদের অভিযোগ, এসব হামলা ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’-এর শামিল।
তবে ট্রাম্প প্রশাসনের দাবি, ভেনেজুয়েলার নারকো-সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। তাই মাদকচোরাকারবারিদের অবৈধ যোদ্ধা হিসেবে সামরিকভাবে প্রতিরোধ করা বৈধ।
ভেনেজুয়েলা এই হামলাগুলোর কড়া নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এসব হামলাকে একটি ধারাবাহিক হত্যাযজ্ঞ হিসেবে অভিহিত করে তদন্তের আহ্বান জানান।
ট্রাম্প প্রশাসনের এই অভিযান চলছে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক শক্তি সমাবেশের মধ্য দিয়ে। আগস্টের শেষ দিক থেকে দেশটি ক্যারিবিয়ান অঞ্চলে গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ, এফ-৩৫ যুদ্ধবিমান, একটি পারমাণবিক সাবমেরিন এবং প্রায় ৬ হাজার ৫০০ সেনা মোতায়েন করেছে মাদকবিরোধী যুদ্ধের অংশ হিসেবে।
এছাড়া ট্রাম্প ভেনেজুয়েলার মাদকচক্রের বিরুদ্ধে স্থল হামলার সম্ভাবনাও উত্থাপন করেছেন এবং গত বুধবার সিআইএকে দেশটির অভ্যন্তরে গোপন অভিযান চালানোর অনুমতি দেন।
কারাকাসের অভিযোগ, ওয়াশিংটন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের লক্ষ্যে সরাসরি ‘শাসন পরিবর্তনের চেষ্টা’ চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, মাদুরো নারকো-সাম্রাজ্য পরিচালনা করছেন। তার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ওয়াশিংটন ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।
এদিকে, বৃহস্পতিবারই দক্ষিণ কমান্ডের প্রধান অ্যাডমিরাল আলভিন হোলসি তার অবসরের ঘোষণা দেন। এক্স-এ তিনি জানান, ১২ ডিসেম্বর ২০২৫ থেকে আমি অবসরে যাচ্ছি। ৩৭ বছরেরও বেশি সময় ধরে জাতি ও সংবিধানের সেবা করতে পেরে আমি গর্বিত।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক পোস্টে হোলসির প্রশংসা করে বলেন, তিনি মিশন, মানুষ ও জাতির প্রতি অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। তার নেতৃত্ব দক্ষিণ কমান্ডে কৌশলগত দূরদর্শিতা ও দক্ষতার উদাহরণ।