মুক্তি পাচ্ছে নতুন ভাবনার সিনেমা ‘লিটল মিস ক্যাওস’। ৮ অক্টোবর মধ্যরাত ১২টা ১ মিনিটে (৯ অক্টোবর) এটি উন্মুক্ত হবে চরকিতে।
তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা নবীন শিল্পীদের নিয়ে নির্মাণ করেছেন ওয়েব ফিল্মটি। এতে রোমান্স, কমেডি এবং ক্যাওসের গল্প উঠে এসেছে নতুন ভাবনায়। অভিনয় করেছেন হোসনে আরা আলি নার্গিস, দীপা খন্দকার, রফিউল কাদের রুবেল, সাদিকা স্বর্ণা, মহাম্মাদ বাদল শিকদার, নাহিন শফিক, ফারিহা রাহমান প্রমুখ। তবে সিনেমাটির প্রাণ ভ্রমরা ইরা, মারুফ এবং তার বন্ধুরা।
সিনেমাটির গল্প ইরাকে নিয়ে। মেয়েটি বয়সে ছোট, স্বাভাবিকভাবে তার অভিজ্ঞতাও কম। তার চারপাশের জগতটা বেশ ক্যাওটিক, তার বেড়ে ওঠাটাও। তাই সে নিজেও খানিকটা ক্যাওটিক। এসব কারণেই ফিল্মটির নাম ‘লিটল মিস ক্যাওস’। গল্পে ইরা খুব ফ্যাশন সচেতন। মেয়েটি মূলত তার ক্যাওস স্বভাবটা সাজ–পোশাকে আড়াল করতে চায়।
ইরা চরিত্রে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। এটি তার প্রথম ওয়েব ফিল্ম। নবীন এ অভিনেত্রী জানান, গল্পটি তরুণদের খুব ভালো লাগবে। তার ভাষায়, ‘‘এ জেনারেশনের দর্শকদের মধ্যে আমিও একজন। আমি ছাড়া অন্য যারা কাজ করেছেন তারাও তরুণ। এ গল্পে রোমান্স আছে, কমেডি–সার্কাজম আছে। আর আমিই যেহেতু ‘লিটল মিস কেওস’, শুটিংয়ের সময় অনস্ক্রিন–অফস্ক্রিন ক্যাওস করে বেড়িয়েছি। মজা করে কাজটি করেছি, আশা করছি ভালোও হয়েছে।’’
ট্রেলার:নির্মাতা হিসেবে আগেও কাজ করেছেন মাহমুদা সুলতানা রীমা। তবে এবারই প্রথম নির্মাণ করলেন ওয়েব ফিল্ম। ‘লিটল মিস ক্যাওস’ গল্পটাকে তিনি ‘রোমান্টিক ড্রামেডি’ ঘরানার বলতে চান। তার ভাষ্যে, ‘মেট্রোপলিটনের এই ক্যাওটিক জীবনে আমাদের সবারই আছে অতীতের ট্রমা আর ব্যাগেজ। সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের অংশ। কিন্তু এই ক্যাওটিক জার্নিতে যদি পেয়ে যান একটুখানি আশ্রয় আর ভরসার জায়গা, তাহলে কেমন হয়?’
অর্থাৎ নির্মাতা মেট্রোপলিটনের গল্প বলতে চেয়েছেন এবং গল্প এগিয়ে নেয়ার দায়িত্ব দিয়েছেন তরুণদের কাঁধে।