ফ্রান্সের রাজধানী প্যারিসে ল্যুভর জাদুঘর থেকে ৮৮ মিলিয়ন ইউরো (প্রায় ৭৬ মিলিয়ন পাউন্ড) মূল্যের রাজকীয় গহনা চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবারের ওই চুরির ঘটনায় চারজনের একটি দল জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
প্যারিসের পাবলিক প্রসিকিউটর কার্যালয় রবিবার জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে (যুক্তরাজ্যের সময় রাত ৮টা) চার্লস দ্য গল বিমানবন্দর থেকে প্রথম সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।
প্রসিকিউটর লর বেকুয়া এক বিবৃতিতে তথ্য ফাঁসের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এটি তদন্তকারীদের কাজে ব্যাঘাত ঘটাতে পারে। চুরি হওয়া রত্ন উদ্ধারে এবং সব অভিযুক্তকে গ্রেফতারে ১০০ জনের বেশি তদন্তকারী বর্তমানে কাজ করছেন।
ফরাসি আইনে গুরুতর অপরাধের সন্দেহভাজনদের ৯৬ ঘণ্টা পর্যন্ত আটক রাখা যায়। বেকুয়া জানিয়েছেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হলে তিনি আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।
ফরাসি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, বিমানবন্দরে আটক ব্যক্তি আলজেরিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অপরজনকে পরে প্যারিসের উপকণ্ঠে গ্রেফতার করা হয়। দুজনের বয়স ত্রিশের কোঠায়। তাদের বিরুদ্ধে পরিকল্পিত চুরি ও অপরাধচক্রে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সূত্রে ফ্রান্স আন্তার রেডিও জানিয়েছে, দুজনেই প্যারিসের পার্শ্ববর্তী সেন-সাঁ-দনি এলাকা থেকে এসেছেন। ঘটনাস্থলে ফেলে যাওয়া হেলমেট, কাটার মেশিন, উজ্জ্বল রঙের জ্যাকেটসহ বিভিন্ন সামগ্রীর ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ তদন্তে নিযুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। তবে তিনি বিচারিক গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানান, যাতে তদন্ত অব্যাহত রাখা যায়।
প্রসিকিউটর বেকুয়া আগেই জানিয়েছিলেন, ঘটনাস্থল থেকে সংগৃহীত ১৫০টিরও বেশি ডিএনএ নমুনা, আঙুলের ছাপ ও অন্যান্য প্রমাণ প্যারিস ও আশপাশের ল্যাবরেটরিতে বিশ্লেষণ চলছে এবং তিনি তদন্তের অগ্রগতি নিয়ে আশাবাদী।
গত রবিবার প্যারিসের স্থানীয় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে চারজনের দলটি একটি চুরি করা ফার্নিচার পরিবহনের ট্রাক নিয়ে ল্যুভর জাদুঘরে পৌঁছায়। ট্রাকে ছিল লিফট ও মই, যার সাহায্যে দুজন প্রবেশ করে প্রথম তলার অ্যাপোলো গ্যালারিতে।
তারা মেরামতকর্মীর পোশাকে একটি খোলা জানালা ভেঙে ভেতরে ঢোকে এবং কাটার মেশিন দিয়ে দুটি প্রদর্শনী কাচ ভেঙে ফেলে। এরপর দ্রুত নিচে নেমে মোটরবাইকে পালিয়ে যায় অপর দুই সহযোগীর সঙ্গে। চুরিতে মাত্র সাত মিনিটেরও কম সময় লাগে।
পালানোর সময় তারা একটি হীরক ও পান্না বসানো মুকুট ফেলে যায়। তবে সঙ্গে নিয়ে যায় আটটি রত্নখচিত অলংকার। এর মধ্যে ছিল নেপোলিয়ন প্রথমের স্ত্রী মেরি লুইজকে উপহার দেওয়া পান্না ও হীরার হার এবং নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির মালিকানাধীন ২১২টি মুক্তো ও প্রায় ২ হাজার হীরায় সজ্জিত এক রাজমুকুট।