মালিঙ্গার চোখে মারুফার ডেলিভারি, ‘এখন পর্যন্ত এই আসরের সেরা’

মালিঙ্গার চোখে মারুফার ডেলিভারি, ‘এখন পর্যন্ত এই আসরের সেরা’

ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত! কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুই ব্যাটার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে দারুণ দুটি ডেলিভারিতে বোল্ড করেন বাংলাদেশ পেসার মারুফা আক্তার।

পাকিস্তানের ইনিংসে প্রথম ওভারে পরপর দুটি দুর্দান্ত ডেলিভারি আলোচনায় নিয়ে এসেছে মারুফাকে। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও ফেসবুকে মারুফার বোলিংয়ের প্রশংসা করেছেন।

পাকিস্তান ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ভেতরে ঢোকানো ইনসুইং ডেলিভারিতে ওমাইমাকে বোল্ড করে দেন মারুফা। মারুফার পরের বলটিও ছিল আরেকটি চমৎকার ইনসুইং ডেলিভারি।

ছন্দে থাকা ব্যাটার সিদরা আমিন ব্যাটে খেলতে গিয়েও সুইংয়ের কারণে ঠিকমতো খেলতে পারেননি। বল তাঁর ব্যাটের কানায় লেগে স্টাম্প ভেঙে দেয়। মারুফার দুটি ডেলিভারিই অফ স্টাম্পের বেশ বাইরে পড়ে ভেতরে ঢুকেছে। নতুন বলে মারুফর এমন নিয়ন্ত্রণ দেখে সবাই মুগ্ধ।

আইসিসি মারুফার এ দুটি ডেলিভারি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। মালিঙ্গার ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার দিয়ে লেখা হয়, ‘নিখাদ দক্ষতা। দারুণ নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত এই আসরের সেরা ডেলিভারি।’ মালিঙ্গার এই পোস্টে মন্তব্যের ঘরে জবাবও দিয়েছেন মারুফা। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ কিংবদন্তি।’

আইসিসির পোস্ট করা সেই ভিডিওতে মারুফাকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজ। নারী বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়া এই ক্রিকেটার বলেছেন, ‘প্রথমত ও অনেক সুইং পেয়েছে এবং সঠিক লেংথে বোলিংও করেছে। সুইং পাওয়া ভালো, তবে ঠিক লাইন লেংথে বোলিং না করলে পুরস্কার পাওয়া যায় না। তবে মারুফা প্রাপ্য ফল পেয়েছে। পর পর দুই বলে বড় দুটি উইকেট, ওর হ্যাটট্রিকের সম্ভাবনাও ছিল।’

মিতালি যোগ করেন, ‘এটা ওর প্রথম ওয়ানডে বিশ্বকাপ। এর আগে দক্ষিণ আফ্রিকায় আমি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিতে গিয়ে ওর বোলিং দেখেছি। আমি তখনো ওর বোলিং দেখে মুগ্ধ হয়েছি। ওর গতি, যেভাবে বল ডেলিভার করে, রানআপ সবকিছুতে।’

কাল ৭ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মারুফা। বাংলাদেশ দল জিতেছে ৭ উইকেটে।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin