মেঘনা নদীতে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৫

মেঘনা নদীতে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৫

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে চাঁদাবাজদের সঙ্গে নৌ পুলিশের সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মেঘনা নদীর নুনেরটেক ঘেঁষা এলাকায় নৌযানে চাঁদাবাজির খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গেলে হামলার শিকার হন তারা।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের একটি সংঘবদ্ধ চাঁদাবাজ গ্রুপ দীর্ঘদিন ধরে বালু ও মালবাহী বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছে। পূর্বের ন্যায় আজ সকালেও তারা টেটা, বল্লম, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে নৌযান থামিয়ে চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় এমভি জয়নব বৃষ্টি পরিবহন বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়াকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে চাঁদাবাজরা।

পরে খবর পেয়ে মেঘনার চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে গেলে চাঁদাবাজরা পুলিশের ওপর টেটা ও বল্লম নিয়ে হামলা করে। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুরসহ তিন পুলিশ সদস্য রক্তাক্ত আহত হন। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে রানা ও সাজ্জাদ নামের দুজনকে গ্রেফতার করে।

সোনারগাঁস্থ বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচাঁজ মাহাবুবুর রহমান জাগো নিউজকে জানান, ঘটনাটি ঘটেছে মেঘনা এলাকায়। আমরা শুনেছি। আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জাগো নিউজকে জানান, ঘনটাটি চালিভাঙ্গা নৌ পুলিশ ফাড়ির সঙ্গে ঘটেছে। এতে পুলিশ সদস্যরা আহত হয়েছে।

মো. আকাশ/কেএইচকে/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin