রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড ছিটকে পথচারী নিহতের ঘটনায় রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোমবার (২৬ অক্টোবর) দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনগুলোতে যাত্রীর চাপ বাড়ছে। এতে থেমে থেমে চলছে গড়ি। তবে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের সামনে তীব্র যানজট দেখা দিয়েছে। এর রেশ মৎস্য ভবন মোড়, শাহবাগ ও ফার্মগেটে গিয়ে ঠেকেছে।
রবিবার বিকালে সরেজমিন দেখা যায়, একদিকে মেট্রোরেল বন্ধ থাকায় বিপুল যাত্রীর অপেক্ষা, অন্যদিকে সড়কের অর্ধেকের বেশি জায়গাজুড়ে বিভিন্ন সংগঠন মিছিল-সমাবেশ করছে। এ কারণে দেখা দিয়েছে যানজট। এ পথে চলাচলকারী উত্তরা ও মিরপুরগামী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
তাদেরই কয়েক জন জানান, মেট্রোরেল বন্ধের বিষয়টি জানতেন না। স্টেশনে এসে দেখেন দুই পাশ দিয়ে ওপরে ওঠার সিঁড়ির সাঁটার ও গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেলের চলাচল সাময়িক বন্ধ লেখা বিজ্ঞপ্তি ঝুলানো।
jwARI.fetch( $( "#ari-image-jw68fdf5cade599" ) );
এতে অনেকে গাদাগাদি করে বাসে উঠছেন। তবে এতেও দুর্ভোগের যেন শেষ নেই। কারণ অতিরিক্ত যাত্রীর চাপ ও একাধিক সংগঠনের অনিয়ন্ত্রিত সমাবেশের কারণে প্রেসক্লাবের সামনেই থমকে রয়েছে বেশিরভাগ যানবাহন।
উত্তরা দিয়বাড়ীগামী নারী যাত্রী জানান, তিনি নিয়মিত মেট্রোরেলে যাতায়াত করেন। তবে আজ মেট্রোরেল বন্ধ থাকার বিষয়টি জানতেন না। স্টেশনে এসে শোনেন মেট্রোরেল বন্ধ থাকবে। তাই বাধ্য হয়ে বাসে রওনা দিয়েছেন। কিন্তু ২০ মিনিটেও তিনি প্রেসক্লাব পার হতে পারেননি।
মিরপুরগামী শিকড় পরিবহনের এক যাত্রী বলেন, কত ঘণ্টা পর গন্তব্যে যেতে পারবো তার নিশ্চয়তা নেই।
এর আগে রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
দুপুর ২টা ৬ মিনিটে ডিএমটিসিএলের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। যাত্রীদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।