মিরপুরে যুবক খুন

মিরপুরে যুবক খুন

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবা সাগর খান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে মিরপুর ১২-এর সি ব্লকের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা রিফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত রিফাতের বাবা সাগর খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার উত্তর সালদর গ্রামে। বর্তমানে তারা মিরপুর ১২-এর ডি ব্লকের ২৫ নম্বর রোডে বসবাস করছেন। রিফাত আগে গার্মেন্টসে চাকরি করলেও বর্তমানে বেকার ছিল। এক ভাই এক বোনের মধ্যে রিফাত ছিল বড়।

সাগর খান বলেন, দুপুরে রিফাত শেওড়াপাড়া যাচ্ছিল। পরে ফোনকলে জানতে পারি, মিরপুর ১২ পুরাতন থানার সামনে ১৫–২০ জন যুবক তাকে আটকে রেখেছে। সেখানে গিয়ে জানতে চাইলে তারা জানায়, টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝামেলা আছে। কিছুক্ষণ পর দুটি মোটরসাইকেলে কয়েকজন এসে রিফাতের বুকের মাঝে ছুরিকাঘাত করে। আমি তাকে বাঁচাতে গেলে তারা আমার পিঠেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রিফাতকে দ্রুত স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, যারা আমার ছেলেকে খুন করেছে তাদের আমি চিনি না। রিফাতের সঙ্গে কী নিয়ে দ্বন্দ্ব ছিল তাও জানি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকেলে ওই যুবককে স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকের মাঝখানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের বাবার পিঠে আঘাত রয়েছে, তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এজেডএস/আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin