ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়লো ট্রাক, একজন নিহত

ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়লো ট্রাক, একজন নিহত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়েছে। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে মোহর উদ্দিন (৩৫) নামে একজন রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভূঁইঘর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকার একটি ওভারপাসের উপর দিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়েন মোহর উদ্দিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পরে ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যান। এ ছাড়া ট্রাকে থাকা আরও কয়েকজন ব্যক্তি আহত হয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মোহর উদ্দিন নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় মোহর নামে এক ব্যক্তি মারা গেছে। এ ছাড়া আর কেউ আহত হওয়ার তথ্য এখনও পাইনি। সড়ক থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাকচালকসহ তার সহযোগী পালিয়ে গেছে। তাদের আটক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin