ম্যাক্স ডি রোজারিও। এক কামেল শেফ। বাঙালি ক্রিশ্চিয়ান। তার রেস্টুরেন্ট- ক্যাফে দ্য ভলতে। সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাক্স জিঞ্জিরা শহরের চার সুশীল নাগরিকের ভাগ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ম্যাক্স বদলা চায় না। চায় না ইনসাফ কায়েম করতে।
তাহলে কেন নিরস্ত্র দিনক্ষণে এই সশস্ত্র ক্যু? সেসব উত্তর কে বা জানে! শুধু এটা জানা আছে যে, ম্যাক্সের হৃদয় ক্রুসেডের জন্য হাহাকার করে ওঠে। মানুষের কলিজায় যে ভ্রাম্যমান আদালত খেলা করে, সেখানে আপনাকে ভাবতে হবে রক্ত ঝরিয়ে।
এমনই এক থ্রিলার গল্প নিয়ে ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছে নতুন দল হান্ট থিয়েটার। নাটকটির নাম ‘ক্যাফে দ্য ভলতে’। নাটকটির মূল ভাবনা, গল্প ও নির্দেশনায় আছেন ডায়না ম্যারেলিন। চিত্রনাট্য আবিদ হাসান ও সংলাপ তানভীর চৌধুরী। আলোক পরিকল্পনায় মো. মোখলেছুর রহমান, আবহ ও সংগীতভাবনায় চার্লস চৌধুরী, ব্যবস্থাপনায় জেরোম মধু ও রূপসজ্জায় যোহানা সূচনা দাস।
নাটকটির মঞ্চে দেখা যাবে মো. শাহজাদা সম্রাট চৌধুরী, আব্দুল্লাহ আল জাদিদ, প্রিয়ম মজুমদার, ইয়াদ খোরশিদ ঈশান, মালিহা ফাইরুজ ফারিন মেলিসা, নূর এ জান্নাত ওরিশা, শাহিন সাঈদুর, সুপ্রিয় ঘোষ, প্রজ্ঞা চন্দ, ডায়ানা ম্যারিলিন ও শুভাশিস হালদারকে।
সবার প্রতি নির্দেশকের আবেদন, ‘‘ক্যাফে দ্য ভলতে’তে আপনাকে স্বাগতম। এই রক্তাক্ত রূপকথার ভেতরে আপনি যেভাবে খুশি বাঁচুন।’’
নাটকটি ৫ ও ৬ নভেম্বর, সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রথমবারের মতো মঞ্চস্থ হবে। দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, শিশুদের সঙ্গে না আনার।
নাটকটির টিকিট সংগ্রহ করতে পারবেন ক্লিক-এ ক্লিক করে।