মতিঝিল থেকে হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার

মতিঝিল থেকে হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচ থেকে তাদের গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. আমজাদ হোসেন বুখারী ( ২২) ও মাহদী হাসান (২২)। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মতিঝিল থানার বরাত দিয়ে তিনি বলেন, মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচে ৬১৭ নম্বর পিলারের গায়ে আমজাদ ও মাহদীসহ আরও ৭/৮ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন "হিযবুত তাহরীর, উলাই'য়াহ বাংলাদেশ" এর পোস্টার লাগানোর চেষ্টা করছিলেন। এ সময় তাদের দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০টি ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ বাংলাদেশ’ লেখা পোস্টার উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি দেখে সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৭/৮ জন পালিয়ে যায়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত পোস্টারে লেখা ছিল, “হে দেশবাসী, দালাল শাসক গোষ্ঠী আমাদের সামরিক বাহিনীকে মার্কিনীদের স্বার্থে ব্যবহার করার বন্দোবস্ত করছে, সামরিক বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়ান। ”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুইজন নিষিদ্ধ ঘোষিত “হিযবুত তাহরীর” সংগঠনের সমর্থক। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এসসি/আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin