নাটোরে বাসচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত, আহত ৩

নাটোরে বাসচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত, আহত ৩

নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কে বাসচাপায় একটি অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার গুনাইহাটি গ্রামে এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহায়ক আনসার আলী (৬০), অটোরিকশাচালক মুনছের প্রামাণিক (৬৮) ও যাত্রী মো. নয়ন (২৮)। আনসার উপজেলার কালিকাপুর বেড়পাড়া গ্রামের বাসিন্দা। মুনছের প্রামাণিক ও নয়নের বাড়ি লালপুর উপজেলার ধলা গ্রামে। আহত ব্যক্তিরা হলেন বড়াইগ্রামের রাসেল হোসেন (২৬), মাসুদ রানা (৪০) ও রাশেদা বেগম (৫০)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং বাসচালককে আটক করার চেষ্টা চলছে।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, আজ দুপুরে বনপাড়া বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মানিকপুর ছাতনীগাছা গ্রামে যাচ্ছিল। গুনাইহাটি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং তিনজন আহত হন।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বনপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম বলেন, বাসের চালক পালিয়েছেন, তবে বাসটি জব্দ করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin