নেত্রকোনায় থানার কাছের দোকানে মুদি ব্যবসায়ীর গলাকাটা লাশ

নেত্রকোনায় থানার কাছের দোকানে মুদি ব্যবসায়ীর গলাকাটা লাশ

নেত্রকোনার মোহনগঞ্জে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নারায়ণ পাল (৪০) নামের এক মুদিদোকানির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে পৌরশহরের বসুন্ধরা মার্কেটে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।

তবে কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা এখনো উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলটি মোহনগঞ্জ থানার মাত্র ১৫০ গজ দূরে।

নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার বাসিন্দা। তিনি বসুন্ধরা এলাকায় ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণ পাল একাই দোকান চালাতেন। গতকাল সোমবার রাত ১০টার পর থেকে পাশের দোকানিরা তাঁর কোনো সাড়া পাচ্ছিলেন না। প্রায় আধা ঘণ্টা পর এক ব্যক্তি দোকানের ভেতরে গিয়ে নারায়ণের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি চিৎকার দিলে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আসেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

নিহত নারায়ণের স্ত্রী লিপি রানী পাল বলেন, তাঁর স্বামী সহজ-সরল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মোহনগঞ্জ মনোহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, এ ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, দিবাগত রাত একটার দিকে ময়মনসিংহ থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin