ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ‘আমজনতার দল’ নিবন্ধন না পাওয়ায় ইসির গেটের সামনে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে থেকে আমরণ অনশনে বসে আছেন দলটির সদস্য সচিব তারেক রহমান।
বুধবার (৫ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি তখনও একাই ইসির গেটের সামনে বসে আছেন। তাই নির্বাচন কমিশন থেকে সেই গেট বন্ধ রাখা হয়েছে। অন্য আরেকটি গেট দিয়ে ইসি কর্মকর্তা-কর্মচারীরা অফিসে প্রবেশ করছেন।
তারেক বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি এখানেই অনশনে থাকবেন। তার দলের লোকজনকে ইসির সামনে ভিড় করতে মানা করেছেন। একাই বসে থাকতে চান দাবি আদায় না হওয়া পর্যন্ত।
প্রসঙ্গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলের নিবন্ধন নিয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের ব্রিফিংয়ের পর বিকাল ৪টার দিকে প্রধান ফটকের সামনে আমরণ অনশনের বসেন তারেক রহমান।
এর আগে মঙ্গলবার বিকালে তারেক রহমান বলেন, ‘‘আমাদের দলের নিবন্ধন হয়নি বলে এখানে অনশনে বসেছি। এখন আমরা কোর্টে যাবো নাকি কী করবো জানি না, মাথা কাজ করে না। ওনারা (ইসি) কী চায় আমাদের বলেও না, আমরা বুঝিও না। এদের কাছে গেলে পিএস দিয়ে বিদায় করে দেয়। বলে যে, স্যার নিবন্ধন নিয়ে কোনও কথা বলবেন না।’’
তিনি বলেন, ‘‘আমদের যে শর্তগুলো দিয়েছে—আমরা চেষ্টা করেছি, আমাদের জায়গা থেকে পূরণ করার জন্য। কিন্তু আমরাতো ছোট দল, এত টাকা কই পাবো? আমাদের টিনের ঘর, বেড়ার ঘর পছন্দ হচ্ছে না তাদের। তো এই আর কী, রিজেক্ট করলো।’’
উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে বুধবার পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।