নিম্ন আদালত সংস্কার হলেও উচ্চ আদালত আগের মতো থাকলে লাভ হবে না: আইন উপদেষ্টা

নিম্ন আদালত সংস্কার হলেও উচ্চ আদালত আগের মতো থাকলে লাভ হবে না: আইন উপদেষ্টা

আদালতের বিচার ব্যবস্থা প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমাদের সংস্কার কাজ শেষ হয়নি। আমরা যতদিন আছি, শেষ পর্যন্ত কাজ করে যাবো। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি সহযোগিতা করেন, আমরা বিচার ব্যবস্থাকে আগের চেয়ে অনেক ভালো জায়গায় রেখে যেতে পারবো।’

বুধবার (১৫ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে অনলাইন বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উচ্চ আদালতে সংস্কারের কথা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘নিম্ন আদালত সংস্কার করবো, কিন্তু উচ্চ আদালত আগের মতো থাকলে লাভ হবে না। নিম্ন আদালতে মামলার সময় ও খরচ অর্ধেক করে দিলাম, কিন্তু উচ্চ আদালতে কয়েক বছর সময় লেগে গেলে তাহলে লাভ হলো কী? এতে বিচার প্রত্যাশীরা লাভবান হবে না।’

উচ্চ আদালতে সংস্কার না হলে কার্যত উপকারে আসবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নিম্ন আদালতে সংস্কার করলে আমাদের দুঃখ লাগে। কারণ নিম্ন আদালতে সংস্কার করা হলেও উচ্চ আদালতে সংস্কার না হলে লাভ হয় না। এমন অনেক মামলা আছে, নিম্ন আদালতে নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে তা বছরের পর বছর ঝুলে থাকে। যেমন শিশু আছিয়ার মর্মান্তিক ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় আমরা আইন বদলে এক মাসে বিচার করলাম। কিন্তু উচ্চ আদালতে এটা কয়েক বছরেও নিষ্পত্তি হবে কি না আমরা জানি না।’

তিন মাসের মধ্যে অনলাইন বেইলবন্ড ও লিগ্যাল এইড সারা দেশে ছড়িয়ে পড়বে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, ‘সময় বাঁচানোর জন্য আমরা ফৌজদারি কার্যবিধিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি। ইচ্ছেমতো হেয়ারিং নেওয়া যাবে না। মিথ্যা মামলা নেওয়া যাবে না। সরকারি ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তাদের সাক্ষী আমরা অনলাইনে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমরা প্রায়ই দেখি, দুই লাখ টাকার চেকের মামলা- এরকম ছোট বিষয়গুলোর জন্য যেন কোর্টে যেতে না হয় এগুলো যেন লিগ্যাল এইডের মাধ্যমে সমাধান হয়। এ জন্য অনেকগুলো ছোট প্রজেক্ট পাইলট পর্যায়ে রয়েছে। আশা করি, আগামী তিন মাসের মধ্যে এই অনলাইন বেইলবন্ড ও লিগ্যাল এইড সারা দেশে ছড়িয়ে দিতে পারবো।’

নারায়ণগঞ্জকে মুক্তির জায়গা হিসেবে দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নারায়ণগঞ্জকে জানতাম, নির্যাতনের প্রতীক হিসেবে। সাত খুনের মতো ঘটনা নারায়ণগঞ্জে ঘটেছে। আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। সেটার প্রতীকী প্রকাশ করতে নারায়ণগঞ্জে অনলাইন বেইলবন্ড শুরু করেছি। এর মূল লক্ষ্য হচ্ছে বিচারের সময় কমানো, ভোগান্তি ও খরচ হ্রাস করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি রকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin