প্রকাশিত হচ্ছে গানশালা নিবেদিত ‘এক নির্ঝরের গান’-এর নতুন অ্যালবাম ‘বুঝলাম’। নন্দিত স্থপতি-নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা-সুরে এই অ্যালবামে রয়েছে ব্লুজ ঘরানার চারটি গান। গেয়েছেন এই সময়ের চার শিল্পী দোলা রহমান, সোমনুর মনির কোনাল, মাশা ইসলাম ও অন্তরা রহমান।
অ্যালবামে ‘দৃশ্যের ছায়া’ গানটি গেয়েছেন সোমনুর মনির কোনাল, ‘বুঝলাম’— মাশা ইসলাম, ‘বোঝাপড়া শব্দটা’— অন্তরা রহমান এবং ‘থাকলে সাহস’ গেয়েছেন দোলা রহমান।
এই চারটি গানে বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে আত্মদ্বন্দ্ব ও একাকীত্বের বৈচিত্র্য অনুভূতি। কথা, সুর আর দৃশ্য পরিবেশনায় একধরনের নৈঃশব্দ্যের সৌন্দর্য রয়েছে, যা শ্রোতাকে গভীরভাবে আকর্ষণ করবে বলে মনে করছেন এনামুল করিম নির্ঝর।
গানগুলোর সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।
অ্যালবামটি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, ‘অনেকদিন থেকেই একটা অনিশ্চিত সময় পার করছি। ঠিক যেটা চাই, সেটার সাথে বাস্তবতা মিলছে না। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে মুনের সাথে আলাপ করতে গিয়ে মনে হলো, কথা নিয়ে তো আমরা চেষ্টা করছিই, সুর এবং সংগীতায়োজনের ধরণে যদি আরেকটু বৈচিত্র্য আনা যায় তাহলে শিল্পীরা আত্মিকভাবে কথার সাথে নিজের বাস্তবতার সাথে সংযুক্ত হতে পারে। সে চিন্তা থেকেই ব্লুজ ঘরানাকে বেছে নেয়া। সবাইকে শোনার আমন্ত্রণ।’
‘বুঝলাম’ অ্যালবাম প্রকল্পটি নির্মিত হয়েছে সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) এবং আইএসআর (ইন্টেলেকচুয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটি)-এর সমন্বিত প্রক্রিয়ায়। মাস্কো গ্রুপ এই সংকলনে সিএসআর পার্টনার হিসেবে ফান্ড দিয়ে সহযোগিতা করেছে।
সংগীত মাধ্যমের পেশাজীবীদের নিয়মিত উপার্জনের উপায় গড়ার জন্য সিএসআর—আইএসআর-এর যৌথ প্রক্রিয়ায় ‘গানশালা’ প্ল্যাটফর্মটি ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে। এর আগেও এই প্রক্রিয়ায় বেশ কয়েকটি সংগীত প্রকল্প সম্পন্ন হয়েছে। এ উদ্যোগকে সফল করতে এনামুল করিম নির্ঝর সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে গান লিখে, সুর করে এবং সার্বিক তত্ত্বাবধান করে বুদ্ধিবৃত্তিক সহায়তা করছেন।
গানশালা জানায়, এ প্রক্রিয়ায় গান নির্মাণের মাধ্যমে সংশ্লিষ্ট পেশাজীবীগণ জন্য অর্থ উপার্জন করে থাকেন সিএসআর ফান্ড থেকে।
উদ্যোগটিকে স্বাগত জানিয়ে অ্যালবাম প্রসঙ্গে সংগীত পরিচালক অটমনাল মুন বলেন, ‘‘এক নির্ঝরের গানের এ অ্যালবামটি একটু ব্যতিক্রম। কেননা জনপ্রিয় চারজন নারী কণ্ঠশিল্পী ব্লুজ ঘরানার গানগুলো গেয়েছেন। আশা করি, গানগুলো আপনাদের ভালো লাগবে। একটি কথা না বললেই নয়, সিএসআর ও আইএসআর এর যৌথ প্রক্রিয়ায় পরপর বেশ কয়েকটি গান নির্মিত হলো। এর আগেও একই প্রক্রিয়ায় ‘তাল বেতালের শহরে’ অ্যালবামের জন্য সংগীতপরিচালনা করেছি। এ প্রক্রিয়াটি যেভাবে এগিয়ে যাচ্ছে তা সামনে আরও সম্ভাবনা হয়ে চারিদিকে বিস্তৃত হবে।”
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশিত হতে যাচ্ছে গানশালা— ইকেএনসি নামের ইউটিউব চ্যানেলে।