ষ্টাফ করেসপনডেন্ট,নরসিংদী :
নরসিংদীতে পুরাতন ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
গুরুতর আহত শ্রমিকরা হলেন, দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। এছাড়া আরও চার শ্রমিক আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই পাঁচদোনা এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যাটারি কারখানা পরিচালনা করে আসছে চীনা একটি প্রতিষ্ঠান। কারখানাটিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হয়ে থাকে।
তারা আরও জানান, সকালে কাজ করার সময় কারখানাটিতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে ৭ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়। আশংকাজনক অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা থেকে ৭ জন অগ্নিদগ্ধ রোগীকে হাসপাতালে আনেন স্বজনরা। এরমধ্যে দুইজনের শরীরের ৬০ ভাগ এবং একজনের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি চারজনকে সাধারণ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, আগুনের খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
/এএস