নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ উদযাপনের উদ্যোগ

নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ উদযাপনের উদ্যোগ

প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরা, খাত সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করা এবং প্রাণিসম্পদ উন্নয়নে জনগণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ২০২৫ সালে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ উদযাপনের উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

রোববার (১২ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, প্রাণিসম্পদখাতের টেকসই উন্নয়ন, এর বহুমুখী গুরুত্ব তুলে ধরা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার গত ৯ অক্টোবরে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতিবছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়কে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ হিসেবে উদযাপনের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে।

এই সিদ্ধান্ত প্রাণিসম্পদ খাতের উন্নয়ন কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং এ খাতে কর্মরত উদ্যোক্তা, খামারি, গবেষক, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সব অংশীজনের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মন্ত্রণালয় আশা করছে।   মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। এর আওতায় প্রাণিসম্পদখাতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের প্রদর্শনী, অর্থকরী ও দৃষ্টিনন্দন প্রাণীর প্রদর্শন এবং বৈচিত্র্যময় ও ঐতিহ্যবাহী প্রাণিজ খাদ্যের উপস্থাপন করা হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রাণিসম্পদ পদক ২০২৫’ (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ) প্রদান করা হবে।

এই আয়োজনের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনাকে জনগণের সামনে উপস্থাপন, খামারিদের উৎসাহ প্রদান এবং জাতীয় খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও অর্থনীতিতে এ খাতের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা করছে।

এসকে/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin