অবশেষে উত্তরাঞ্চলের তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

অবশেষে উত্তরাঞ্চলের তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

রাজশাহী: চারদিন বন্ধ থাকার পর অবশেষে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মালিক-শ্রমিকদের মধ্যে ঢাকায় এক বৈঠকের পর বিকেল ৩টা থেকে আবারও বাস চলাচল শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ ঘোষণা করে।

সোমবার ঢাকার গাবতলী বাস টার্মিনালসংলগ্ন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন গ্রুপের চেয়ারম্যান, রাজশাহী শ্রমিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতারা বৈঠকে অংশ নেন । সভায় সিদ্ধান্ত হয়-ঢাকা থেকে রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ রুটে চালক ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ টাকা ও হেলপার ৬৫০ টাকা পাবেন। ঢাকা–কানসাট কিংবা ঢাকা–রহনপুর রুটে চালক পাবেন ১ হাজার ৯৫০ টাকা, সুপারভাইজার ৮০০ টাকা ও হেলপার ৭০০ টাকা।

আগে খোরাকি ভাতা ছিল ২১০ টাকা, সেটি বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।

যাত্রাপথে শ্রমিকেরা বিনা টিকিটের যাত্রী তুলতে পারবেন না।

এর আগে বেতন–ভাতা বৃদ্ধির দাবিতে ৮ ও ৯ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। সে সময় মালিকদের আশ্বাসে কাজে ফেরেন তারা। কিন্তু দাবি পূরণ না হওয়ায় ২২ সেপ্টেম্বর আবারও কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা। পরে দাবি মেনে নেওয়া হলেও মালিকপক্ষ অভিযোগ তোলে, অযৌক্তিক কিছু দাবি আনছেন শ্রমিকেরা। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাত থেকে মালিকপক্ষ হঠাৎ দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, এ নিয়ে ঢাকার গাবতলীতে বৈঠক হয়েছে। এ বৈঠকে দুই পক্ষের সমঝোতায় আপাতত বাস চলাচল শুরু হয়েছে।  

এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin