বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ১১ অক্টোবর পা ফেলতে যাচ্ছেন ৮৩তম জন্মদিনে। বিশেষ এই দিনটি উপলক্ষে শুধু পারিবারিক আয়োজনেই ব্যস্ত নয়, প্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-নিয়ে পর্দায়ও থাকছেন। আর এ দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে আয়োজকরা রেখেছে বিশেষ এক চমক।
এই বিশেষ পর্বে অমিতাভ বচ্চনের দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু, কিংবদন্তি গীতিকার–চিত্রনাট্যকার জাভেদ আখতার হাজির থাকবেন। সঙ্গে জাভেদপুত্র, অভিনেতা–পরিচালক ফারহান আখতারও থাকছেন। সম্প্রতি তাদের দুজনকে মুম্বাইয়ের ফিল্মসিটি স্টুডিওতে শো-এর সেটে প্রবেশ করতে দেখা গেছে।
এসময় পাপারাজ্জিদের সঙ্গে আলাপচারিতায় ফারহান আখতার বলেন, ‘আমরা শুধু জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। ওনার সুস্বাস্থ্য কামনা করি। আর চাই উনি দীর্ঘদিন সুস্থ ও ভালো থাকুন।’
সেদিন ফারহান আখতার ধূসর রঙের স্যুট আর সাদা টি-শার্টে হাজির হন। অন্যদিকে জাভেদ আখতারকে দেখা যায় লাল কুর্তা ও কালো প্যান্টে।
এটাই প্রথম নয়, এর আগেও অমিতাভ বচ্চন নিজের জন্মদিন উদযাপন করেছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর মঞ্চে। ২০২২ সালে যখন তিনি ৮০ বছরে পা রাখেন, তখন স্ত্রী জয়া বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন হঠাৎ করেই সেটে উপস্থিত হয়ে তাকে চমকে দিয়েছিলেন।
অভিষেক পরে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় সেই সারপ্রাইজ আয়োজনের মহড়া। তখন তিনি বলেছিলেন, ‘এতে ছিল অনেক গোপনীয়তা, পরিকল্পনা, পরিশ্রম ও মহড়া। বাবাকে চমকে দেওয়া আর তার কর্মক্ষেত্রেই ৮০তম জন্মদিন উদযাপন করতে পারা আমাদের জন্য খুব আবেগঘন মুহূর্ত।’
‘কৌন বনেগা ক্রোড়পতি’ প্রচার হচ্ছে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে। এছাড়াও শোটি অনলাইনে দেখা যাচ্ছে সনিলিভ প্ল্যাটফর্মে।
সূত্র: এনডিটিভি