নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দ্রুতগতিতে এসে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় এক বাসচালক নিহত হয়েছেন। এ সময় বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নোয়াখালী-ঢাকা সড়কের নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালকের নাম বেলায়েত হোসেন (৪৬)। তিনি চাটখিল উপজেলার কালিকাপুর গ্রামের গোলাম ছারোয়ারের ছেলে এবং নোয়াখালী-ঢাকা পথে চলাচল করা একুশে পরিবহনের চালক ছিলেন।
দুজন প্রত্যক্ষদর্শী জানান, সোনাইমুড়ীর নাওতলা এলাকায় সড়কের ওপর একটি বালুবাহী ট্রাকের চাকা নষ্ট হওয়ায় সকাল থেকেই সেখানে দাঁড়িয়ে ছিল। দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে একুশে পরিবহনের চালকসহ ২১ যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে তাদের উদ্ধার করেন। পরে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নেওয়া হলে বাসচালক বেলায়েতকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকেই রাস্তার ওপরে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। জোহরের আজানের পর আমি রাস্তার একপাশে গরুর জন্য ঘাস কাটছিলাম। এ সময় দ্রুতগতিতে এসে আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে একুশে পরিবহনের। এতে বাসের অধিকাংশ যাত্রী আহত হন। এগিয়ে গিয়ে দেখি চালকের অবস্থা গুরুতর। অন্যরা কমবেশি আহত হন।’
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসচালক নিহত হয়েছেন। বাসে থাকা অধিকাংশ যাত্রী কমবেশি আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’