পাবনায় চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা

পাবনায় চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা

পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মঙ্গলগ্রাম বাজারে মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত চরমপন্থি নেতার নাম আব্দুল মতিন (৪৬)। তিনি পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বটতলা এলাকার আজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। জানা গেছে, তিনি চরমপন্থি নকশালপন্থি দলের নেতা ছিলেন।

ওসি শাকিউল আজম জানান, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চরমপন্থি নকশাল দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই জেরে বৃহস্পতিবার বিকেলে আব্দুল মতিনকে মঙ্গলগ্রাম বাজারে মাদরাসার সামনে গুলি ও কুপিয়ে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। স্থানীয়রা  মতিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত নয়। তদন্ত চলছে এবং পরে বিস্তারিত জানানো হবে। প্রাথমিকভাবে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনই তাকে হত্যা করেছে।  

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। দীর্ঘদিন পরে আত্মগোপনে থাকা চরমপন্থি দলের সদস্যরা সক্রিয় হয়ে উঠছে বলে মনে করছে স্থানীয়রা। বিল-নদী অধ্যুষিত ফরিদপুর উপজেলায় চরমপন্থি দলের সদস্য রয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনপ্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin