খাগড়াছড়িতে সহিংসতা বন্ধের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
একইসঙ্গে সহিংসতার ঘটনায় জাতিসংঘকে যুক্ত করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে।
বুধবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, আদিবাসী কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের জন্য দায়ী দুর্বৃত্তদের গ্রেফতার না করে বরং খাগড়াছড়ির নিরীহ ও নিরস্ত্র জুম্ম জনগোষ্ঠীর ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় ৩ জন নিহত হয়েছেন, অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে। দুর্ভাগ্যজনক এমন ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উসকানিমূলক বক্তব্য খাগড়াছড়িসহ গোটা পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, খাগড়াছড়ির দুঃখজনক ঘটনা তদন্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একজন সদস্যের সমন্বয়ে কর্তব্যরত বা অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে অনতিবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। ঘটনার জন্য দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিহতদের প্রত্যেক পরিবারকে অন্যূন এক কোটি টাকা, আর ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে অন্যূন পঁচিশ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
এছাড়া সরকারি খরচে আহতদের সুচিকিৎসার ব্যবস্থার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে ঐক্য পরিষদ।