পিবিআইয়ের হাজতখানায় যুবকের আত্মহত্যার অভিযোগ

পিবিআইয়ের হাজতখানায় যুবকের আত্মহত্যার অভিযোগ

মৌলভীবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাজতখানায় হত্যা মামলার আসামি মোকাদ্দুস (৪৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই পুলিশের হাজতে এ ঘটনা ঘটে। গ্রেফতার মোকাদ্দুস কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের কোনাগাঁও এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

জানা গেছে, কমলগঞ্জ থানায় হত্যা মামলার আসামি মোকাদ্দুসকে ওই থানা থেকে পিবিআই পুলিশের এসআই সাজিদুল ইসলাম রবিবার সন্ধ্যায় সংস্থাটির হাজতখানা নিয়ে রাখেন। সোমবার ভোর ৬টার দিকে তাকে হাজতখানায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান ডিউটি অফিসার। পরে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার পিবিআই পুলিশের এসপি জাফর হোসেন বলেন, মোকাদ্দুস কমলগঞ্জ উপজেলার একটি হত্যা মামলার আসামি। তাকে রবিবার কমলগঞ্জ থানা থেকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। সোমবার ভোরে হাজতখানার ভেতরে সে লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে কী কারণে আত্মহত্যা করেছে সেসব বিষয়ে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin