পোল্যান্ডে রাশিয়ার ড্রোনের অনুপ্রবেশ নিয়ে ট্রাম্প-টাস্ক কথার লড়াই

পোল্যান্ডে রাশিয়ার ড্রোনের অনুপ্রবেশ নিয়ে ট্রাম্প-টাস্ক কথার লড়াই

পোল্যান্ডে রাশিয়ার সামরিক ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ড্রোন অনুপ্রবেশের ঘটনা ভুলবশত হতে পারে। তবে একে ‘রাশিয়ার ইচ্ছাকৃত হামলা’ বলে আখ্যায়িত করেছে ওয়ারশ।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশ পোল্যান্ড। গত বুধবার দেশটির পক্ষ থেকে দাবি করা হয়, তাদের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, ওই ড্রোনগুলো দিয়ে মূলত ইউক্রেনে হামলা চালানো হয়েছিল। এর আগে সেগুলো পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে যায়। পোল্যান্ডে হামলা চালানোর কোনো উদ্দেশ্য ছিল না তাদের।

তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধে এটিই ছিল পোল্যান্ডে প্রথম রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা। ওই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানান ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞার দাবিও করেন। পোল্যান্ডের আহ্বানে ড্রোন অনুপ্রবেশের ঘটনা নিয়ে গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক বসার কথা ছিল।

ড্রোনের অনুপ্রবেশ নিয়ে এমন উত্তেজনার মধ্যে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটি হয়তো ভুলবশত হয়েছে।’ পরে পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘পোল্যান্ডে ড্রোন হামলা ভুলবশত হয়েছে, তা আমরাও মনে করতে চাই। তবে তা ভুলবশত হয়নি। আর আমরা এটি জানি।’

প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষাবিষয়ক উপমন্ত্রী চেজারি টমকজিক। তিনি বলেন, ‘আমি মনে করি, এই বার্তাটা (প্রধানমন্ত্রী মন্তব্য) আজ (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পৌঁছানো উচিত। ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটি ছিল রাশিয়ার ইচ্ছাকৃত হামলা।’

পোল্যান্ডে ড্রোন প্রবেশের ঘটনা দেশটি ও ন্যাটোর সক্ষমতা পরীক্ষা করতে রাশিয়ার একটি প্রচেষ্টা বলে তুলে ধরতে চাইছে ওয়ারশ। ড্রোন অনুপ্রবেশের ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ন্যাটোর সদস্যদেশগুলোর মধ্যেও। ইউরোপের নেতারা বলছেন, এর মাধ্যমে আরও একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে আগ্রহ নেই মস্কোর।

তবে ইউক্রেন নিয়ে একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে না পারলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি আগে থেকেই দিয়ে রেখেছেন ট্রাম্প। আর বৃহস্পতিবার ফ্রান্স বলেছে, পোল্যান্ডের আকাশসীমার সুরক্ষা দিতে তিনটি রাফাল যুদ্ধবিমান মোতায়েন করবে তারা। আর ন্যাটোর পূর্ব সীমানা নিয়ে নিজেদের প্রতিশ্রুতি জোরদার করার কথা বলেছে জার্মানি।

Comments

0 total

Be the first to comment.

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে Prothomalo | ইউরোপ

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে

ডেনমার্কের বিমানবন্দরের ওপর দিয়ে ওড়ানো ড্রোনগুলো কোনো ‘পেশাদার গোষ্ঠীর’ কাজ বলে মনে হচ্ছে বলে জানিয়ে...

Sep 25, 2025
গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য Prothomalo | ইউরোপ

গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান জাতিগত নিধন অভিযানের মধ্যেই গত আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরা...

Oct 01, 2025

More from this User

View all posts by admin