জাকসু ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জাকসু ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে অযথা বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি বলেন, ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে। ঢাবির শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে যেসব প্রতিনিধিকে বিজয়ী করেছে, তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে। একইভাবে আমরা আশা করেছিলাম জাকসুতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু এখন প্রশাসন টালবাহানা শুরু করেছে।

তিনি অভিযোগ করেন, ছাত্রদল বহিরাগতদের নিয়ে মিছিল-সমাবেশ করেছে। ইতোমধ্যে একজন বহিরাগত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। লন্ডনের প্রেসক্রিপশনে বিএনপিপন্থী কিছু শিক্ষক নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন, আমরা তাদের ধিক্কার জানাই। জুলাইয়ের আন্দোলনে শিক্ষকদের বিরাট ভূমিকা ছিল। আমরা আশা করব তারা জুলাইয়ের স্পিরিট ধারণ করে কাজ করবেন।

ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ৮ হাজার শিক্ষার্থীর ভোটকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই শিক্ষার্থীদেরই বিশ্ববিদ্যালয়, যারা অপশক্তি ও ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছে। প্রশাসন যদি শিক্ষার্থীদের গণতান্ত্রিক মতামতকে উপেক্ষা করে, তবে শিক্ষার্থীরা তা মেনে নেবে না।

পাশ্ববর্তী রাষ্ট্রকে উদ্দেশ করে সিবগাতুল্লাহ বলেন, আপনাদের প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না। ডাকসুতে ছাত্রশিবিরের বিজয় শিক্ষার্থীদের বিজয়। বাংলাদেশ নিয়ে নাক গলানো বন্ধ করুন।

তিনি অনতিবিলম্বে জাকসু নির্বাচনের ফল প্রকাশ করে শিক্ষার্থীদের অনিশ্চয়তা দূর করার দাবি জানান। গণতান্ত্রিক মতামতকে সম্মান জানাতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করে ছাড়বে।

সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াজুল ইসলাম, মহানগর পূর্ব শাখার সেক্রেটারি ইমদাদুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

টিএ/এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin