পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ নেই শেখ হাসিনার

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ নেই শেখ হাসিনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পোস্টাল ভোটিং পদ্ধতির মাধ্যমে প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করবেন। এরপর ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবে ইসি। পোস্টাল ব্যালটে ভোট দিতে অনলাইনে নিবন্ধন করতে প্রয়োজন হবে সচল এনআইডি।

তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এ কারণে আগামী নির্বাচনে শেখ হাসিনা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন না।

শেখ পরিবারের আরও যারা ভোট দিতে পারবেন না তারা হলেন- শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

ইসি সচিব বলেন, যারা বিদেশ আছেন এবং এনআইডি ব্লক করা আছে তারা কেউ ভোট দিতে পারবেন না। পোস্টাল ব্যালটে ভোট দিতে গেলে অনলাইনে নিবন্ধন করতে হবে। সচল এনআইডি ছাড়া কেউ পোস্টাল ব্যালটের জন্য আবেদন করতে পারবেন না। কারোর অনলাইন আবেদন যদি না হয় তবে তাকে আমরা পোস্টাল ব্যালট দিতে পারবো না।।

তিনি আরও বলেন, তবে যাদের এনআইডি ব্লক আছে তারা যদি দেশে আসেন এবং সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হন তবে ভোট দিতে পারবেন। এতে কোনো সমস্যা নেই।

ইসির নিয়ম অনুযায়ী শেখ হাসিনাসহ শেখ পরিবারের সদস্যরা দেশে সশরীরে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এমওএস/কেএসআর/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin