বিরাট কোহলি ও আনুশকা শর্মার ইতালির তুসকানিতে অনুষ্ঠিত বিয়ে আজও ভক্তদের কাছে রূপকথার মতো। ২০১৭ সালের ১১ ডিসেম্বর, দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে হয়েছিল সেই আয়োজন। কিন্তু জানেন কি, সেই দিনটি প্রায় ভেস্তে যেতে বসেছিল?
‘দ্য ওয়েডিং ফিল্মার’ নামে পরিচিত বিশাল পাঞ্জাবি, যিনি পুরো বিয়েটির ভিডিও ধারণ করেছিলেন, সম্প্রতি জানিয়েছেন—বিয়ের আগের রাতে তুমুল বৃষ্টিতে সমস্ত আয়োজন ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে ওয়েডিং প্ল্যানার দেবিকা নারায়ণ ও তার টিম সারা রাত না ঘুমিয়ে পুরো অনুষ্ঠানস্থল আবার ঠিক করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশাল বলেন, ‘বিরাট ও আনুশকার বিয়ের দিন প্রবল বৃষ্টি হয়েছিল। শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করতে হয়। দেবিকা নারায়ণ সারা রাত জেগে মণ্ডপ সরানোর কাজ করেছেন। একটুও ঘুমাননি।’
বৃষ্টির কারণে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিরাট ও আনুশকা ছিলেন পুরোপুরি শান্ত। তারা আয়োজকদের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছিলেন। বিশাল জানান, ‘আমাদের কাছে সব কিছু খুব গোপন করা হয়েছিল। যদিও বোঝা যাচ্ছিল এটি বড় কোনও তারকার বিয়ে, কিন্তু আমরা নিশ্চিত হইনি যতক্ষণ না পৌঁছেছি। পৌঁছে অবাক হয়ে দেখি, বিরাট ও আনুশকা দুজনেই ভীষণ সরল, আন্তরিক ও ভদ্র মানুষ।’
তিনি আরও বলেন, ‘‘ওরা আমাকে স্বাগত জানিয়েছিল খুব সুন্দরভাবে।’ বলেছিল, ‘আপনি যা করেন, সেটা করুন। আমরা জানি না আপনি কী করেন, কিন্তু বিশ্বাস করি, আপনি এখানে আছেন মানে ঠিক কাজই করছেন।’ তারা তাদের প্ল্যানারদের পুরোপুরি বিশ্বাস করেছিলেন, আর তারা আমাদের বিশ্বাস করেছিল। এটা ছিল খুব ছোট একটি বিয়ে, কিন্তু মনে হয়েছিল সবাই এক পরিবারের মতো। বিরাট ও আনুশকা দুজনেই আমার প্রতি ভীষণ আন্তরিক ছিলেন।” jwARI.fetch( $( "#ari-image-jw68e25b3fc4729" ) ); বলা দরকার, বিরাট-আনুশকার প্রেমের শুরু ২০১৩ সালে, এক শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রের শুটিং থেকে। এরপর ধীরে ধীরে সম্পর্ক এগোয় এবং ২০১৪ সালে তারা প্রকাশ্যে আসে। একসময় বিচ্ছেদের গুঞ্জনও উঠেছিল, যখন বিরাট একটি সেলফির ক্যাপশন দেন ‘হার্টব্রোকেন’ লিখে। তবে পরে সেই পোস্ট মুছে দিয়ে আবার আপলোড করেন, যা দেখে বোঝা যায় সম্পর্কের বরফ গলেছে।
বর্তমানে এই দম্পতির কন্যা ও পুত্র দুই সন্তান রয়েছে।
অনেকেই বলে, চলচ্চিত্রপ্রেমী ও ক্রিকেটভক্তদের কাছে বিরাট-আনুশকার বিয়ে কেবল একটি তারকা-জোড়ার মিলন নয়, বরং এটি এক নিখুঁত ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক হয়ে আছে—যেখানে বৃষ্টিও শেষ পর্যন্ত থামতে বাধ্য হয়েছিল তাদের সুখের দিনের সামনে।
সূত্র: এনডিটিভি