প্রবাসী ভোট: অ্যাপে নিবন্ধনের সময় মিলবে ১০ দিন

প্রবাসী ভোট: অ্যাপে নিবন্ধনের সময় মিলবে ১০ দিন

ঢাকা: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ (পোস্টাল ভোট বিডি) উদ্বোধন হবে। এতে প্রবাসীরা নিবন্ধন করতে সময় পাবেন ১০ দিন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন তথ্য জানান।

তিনি বলেন, দেশের বাইরে থেকে ভোট দেওয়ার জন্য আউট অব কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশনের জন্য আমরা একটি অ্যাপ ডেভেলপ করছি। নভেম্বর মাসে এই অ্যাপটা লঞ্চ হবেনভেম্বরের থার্ড উইকে। সেকেন্ড উইকে আমরা চেষ্টা করছি। নভেম্বরে এই অ্যাপটা লঞ্চ হবে। তখন থেকে আমরা আগেভাগে সার্কুলার দিয়ে প্রচারণার মাধ্যমে-সোশ্যাল মিডিয়ায় হোক, আমাদের ন্যাশনাল মিডিয়ায় হোক-জানিয়ে দেব, কোন অঞ্চল থেকে পৃথিবীর কোথায় রেজিস্টার করতে পারবেন ভোটাররা। সাধারণভাবে আমরা সাত থেকে ১০ দিন প্রত্যেক রিজিয়নকে দেব। সবশেষে আমরা চেষ্টা করব আরও তিন থেকে সাত দিন সময় রাখার, যাতে করে যারা বাদ পড়া ভোটার আছেন, হয়তো তারা সুনির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারেননি, তারা ওই সময় রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আর এবারই প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনা হচ্ছে।

আউট অব কান্ট্রি ভোটিং বিষয়ে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন ও প্রবাসীদের সঙ্গে অনলাইনে এই মতবিনিময় সভার আয়োজন করে ইসি ও লন্ডন হাই কমিশন।  

নির্বাচন ভবনে ইসি সচিব, এনআইডি মহাপরিচালকসহ অন্য কর্মকর্তারা এবং হাই কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইইউডি/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin