পথচলার ২১ বছর পূর্ণ করে ২২ বছরে পা রাখলো দেশের সর্বাধুনিক মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। ২০০৪ সালের এই দিনে (৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা শপিং সেন্টারে এই মাল্টিপ্লেক্সের যাত্রা হয়। এটি দেশের প্রথম মাল্টিপ্লেক্সও বটে।
বরাবরের মতো এবারও বিশেষ আয়োজনে দিনটি উদযাপন করতে যাচ্ছে এই মাল্টিপ্লেক্স সিনেমা হল। এবারের আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘এই দীর্ঘ পথচলায় শুরু থেকেই আমাদেরকে একনিষ্ঠভাবে সমর্থন ও সহযোগিতা করে আসছেন বিনোদন সাংবাদিকরা। দর্শকদের পাশাপাশি সাংবাদিকদের ভালোবাসা স্টার সিনেপ্লেক্সকে এ পর্যায়ে আসতে বিশেষ ভূমিকা রেখেছে। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন থাকছে সাংবাদিকদের কেন্দ্র করে। ৮ অক্টোবর সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সেও বসুন্ধরা সিটি শাখায় সাংবাদিকদের জন্য একটি স্পেশাল মুভি শো আয়োজন করা হয়েছে। এ ছাড়া দর্শকদের জন্যও থাকছে বিশেষ উপহার। ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সকল শাখায়, সকল শোতে, যে কোনও সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি পাবেন দর্শকরা।’
২১ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের চালিকাশক্তি। আমাদের এই মাল্টিপ্লেক্সের যে বিস্তৃতি ঘটেছে তা সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসার কারণে। আসলে দর্শকরা সবসময় ভালো সিনেমা দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন। দর্শক যেন নিরাপদে একটা উন্নত পরিবেশে এসে সিনেমা উপভোগ করতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা। দর্শকরা আমাদের ওপর নির্ভর করতে পেরেছেন এটাই আমাদের বড় সাফল্য। বরাবরই দর্শকদের চাহিদা এবং প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি আমরা। পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়বে। শুধু বিদেশী ছবির ওপর নির্ভরতা নয়, আমরা চাই দেশে নিয়মিতভাবে ভালো ভালো ছবি নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সবসময় হলে ভিড় লেগে থাকুক।’
বলা দরকার, বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্টার সিনেপ্লেক্সের মোট ২২টি হল চালু রয়েছে। আরও কিছু শাখার নির্মাণকাজ চলছে। আগামী বছরের মধ্যে হলসংখ্যা আরও বাড়বে বলে জানায় কর্তৃপক্ষ।