এবার ত্রাণ বিলি করতে গিয়ে কুমারগ্রামের বিত্তিবাড়িতে তৃণমূলের হামলার মুখে পড়লেন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বিজেপি বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ। শেষ পর্যন্ত ত্রাণ বিলি না করে ফিরতে হয় বিধায়ককে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মনোজ ওরাওঁ ত্রাণ নিয়ে এলাকায় পৌঁছতেই এলাকায় থাকা তৃণমূল কর্মীরা বিধায়কে ঘিরে ধরেন। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। মনোজ ওরাওঁয়ের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। বিধায়কের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। পরে এলাকা ছাড়তে বাধ্য হন বিধায়ক।
কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ বলেন, ‘আমরা ভেবেছিলাম গতকাল যেই ঘটনা ঘটেছে তা একটি বিচ্ছিন্ন ঘটনা। আজ আমার যেখানে ত্রাণ দিতে গিয়েছিলাম, সেটি ঘোষিত কর্মসূচি ছিল। কিন্তু আচমকা কিছু বহিরাগত, যারা তৃণমূল কর্মী, তারা এসে হামলা চালায় আমাদের নারী কর্মীদের ওপর। পেছন থেকে ঢিল মেরে ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। চার জন নারী আহত। সেন্ট্রাল ফোর্সকে আঘাত করা হয়। এসব মানুষ দেখছেন। আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে ধুয়ে-মুছে সাফ করবে রাজ্যের মানুষ।