পুরান ঢাকা থেকে এনসিটিবির নকল বই ছাপানো চক্রের ৫ জন আটক

পুরান ঢাকা থেকে এনসিটিবির নকল বই ছাপানো চক্রের ৫ জন আটক

রাজধানী পুরান ঢাকার বাংলাবাজার থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের নকল ছাপাখানা উদ্ধার করেছে পুলিশ। অবৈধ এই ছাপাখানা থেকে চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুরান ঢাকার বাংলাবাজার এলাকার একটি বাইন্ডিং কারখানা থেকে এইচএসসির বোর্ড বই জব্দ করা হয়। এরপর তথ্য নিয়ে পাটুয়াটুলীর চশমার গলির পেছনের মিম প্রেসে অভিযান চালিয়ে আরও ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

এদিন উদ্ধার কার্যক্রমে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সম্পাদক ড. মো. ছাইদুর রহমান। তিনি বলেন, এইচএসসির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৩টি বই- সাহিত্যপাঠ, সহপাঠ ও ইংলিশ ফর টুডে বই অবৈধভাবে ছাপানো হচ্ছিল, একটি বাইন্ডিং কারখানায় এটা ধরা পড়ে।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি গোলাম এলাহী জায়েদ বলেন, পুস্তক সমিতির জন্য এটা লজ্জাজনক ঘটনা। সরকারকে সব সময় সহযোগিতা করছে পুস্তক সমিতি। পুস্তক সমিতির মাধ্যমেই সব সময় বই সরবরাহ করা হয়। কিন্তু একটা কুচক্রী মহল এই ধরনের কাজে নেমেছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। পুস্তক সমিতি সব সময় সরকারকে সহযোগিতা করবে।

সার্বিক বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মোবাইল কোর্টের অধীনে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট এর নিকট কাল আসামিদের উপস্থাপন করা হবে। ছাপাখানা উদ্ধার কার্যক্রমে দেখা যায় প্রায় ৫ হাজার নকল বই ছাপা হচ্ছিল। কারখানার মালিক পলাতক আছে। এ বিষয়ে তদন্ত হবে।

টিএইচকিউ/এএমএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin