পূজা ঘিরে গুজব ছড়ালেই আইনগত ব্যবস্থা: র‌্যাব ডিজি

পূজা ঘিরে গুজব ছড়ালেই আইনগত ব্যবস্থা: র‌্যাব ডিজি

ঢাকা: গত রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সাইবার জগতে গুজব প্রতিরোধেও তৎপর রয়েছে র‌্যাবের বিশেষ টিম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেন, ‘এ বছর দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে র‌্যাবের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় টহল দল মোতায়েন আছে, সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা কাজ করছে। পূজা মণ্ডপে আমাদের টহল দল নিয়মিত ভিজিট করছে। ’

র‌্যাব মহাপরিচালক জানান, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব ডিউটি পালন করছে। পাশাপাশি সারাদেশে ১৫টি ব্যাটালিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারিদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, র‌্যাবের সাইবার টিম সার্বক্ষণিকভাবে মনিটরিং করছে, যাতে কোনো দুষ্কৃতকারী গুজব ছড়িয়ে উৎসবের আমেজ নষ্ট করতে না পারে। আমি দেশবাসীকে অনুরোধ করব—কোনো ধরনের গুজবে কান দেবেন না। যাচাই না করে কোনো খবর বিশ্বাস করবেন না। যদি গুজব ছড়ানো হয়, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

ডিজি বলেন, গতকাল থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি। যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পূজা উদযাপন কমিটির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সার্বক্ষণিকভাবে পূজা মণ্ডপে ভলান্টিয়ার রাখবেন, ২৪ ঘণ্টা যেন ভলান্টিয়াররা দায়িত্ব পালন করে। পাশাপাশি রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, পূজা মণ্ডপে আসা দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারেন সেদিকে আমরা লক্ষ্য রাখছি। বিশেষ করে মা-বোন ও শিশুরা প্রচুর সংখ্যায় পূজা মণ্ডপে আসেন, তাদের নিরাপত্তায় র‌্যাব বিশেষ সতর্ক থাকবে। ইভটিজিং যেন কোনোভাবেই না ঘটে তা নিশ্চিত করা হবে।

র‌্যাব মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন হবে।

এমএমআই/এইচএ/

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin