রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ দিন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।’
গতকাল মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, এ মাসের ২৪ তারিখে রাজধানীর তেজগাঁও থানার ডেইলি স্টারের অফিসের সামনে থেকে আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে পান্থপথ অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হয় আসামিরা। জনমনে ভীতি সৃষ্টি করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২৫ জনকে আটক করা হয়। তাদের থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও চারটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে পুলিশ। ঘটনার পরের দিন তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. আব্দুল কাদের ২৫ জনকে এজাহারনামীয় আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।