রাজবাড়ীতে জুট মিলে আগুন

রাজবাড়ীতে জুট মিলে আগুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অরিয়েট জুট মিলে আগুন লেগেছে। এতে কয়েক কোটি টাকার জিনিসপত্র ক্ষতির আশঙ্কা করছে মিল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশের ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।

অরিয়েট জুট মিলের কর্মকর্তা হরে কৃষ্ণ বৈরাগী বলেন, ‘সন্ধ্যা ৬টার পর মিলের পেছনে একটি গোডাউনে আগুন দেখে শ্রমিকরা চিৎকার শুরু করলে এসে দেখি আগুন জ্বলছে। খবর দিলে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। যে গোডাউনে আগুন লেগেছে সেখানে কোনও শ্রমিক ছিলেন না। এজন্য হতাহতের ঘটনা ঘটেনি। তবে মিলের অনেক বড় ক্ষতি হয়েছে।’

রাজবাড়ী জুট মিলের নির্বাহী পরিচালক আলী আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমি রাজবাড়ী থেকে দেখতে এসেছি। তবে কীভাবে আগুন লেগেছে সেটা জানতে পারিনি। এখানে আনুমানিক ৩০ হাজার মণ পাট ছিল, যার বাজার মূল্য ১৩ কোটি। এ ছাড়া বড় একটি গোডাউন পুড়ে গেছে।’ 

রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামিম মোল্লা বলেন, ‘রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাটে আগুন লাগায় নেভাতে সময় লাগছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর জানা যাবে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin