রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে (বিশ্বাস বিল্ডার্স) তালা ভেঙে দুটি দোকান থেকে প্রায় ২১ লাখ টাকার চুরির ঘটনায় মো. আলিম হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ এক লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (১০ অক্টোবর) বরগুনা জেলার বামনা থানাধীন পূর্ব বলায় বুনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ। পরবর্তী সময়ে শনিবার তাদের আদালতে তুলে দুদিনের রিমান্ডের নেয় পুলিশ। সোমবার রিমান্ডের শেষে গ্রেফতার আলিম হাওলাদারকে আদালতে পাঠানো কথা রয়েছে।
নিউমার্কেট থানার সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে মার্কেটের চতুর্থ ও নিচতলায় দুটি দোকানের তালা ভেঙে নগদ ২০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা চুরি হয়। এ ঘটনায় ৭ অক্টোবর মার্কেটের নিচতলার ৭০ নম্বর দোকানের ম্যানেজার মানিক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন।
এঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ১০ অক্টোবর ভোরে বরগুনার বামনা থানাধীন পূর্ব বলায় বুনিয়া গ্রামে স্থানীয় পুলিশের সহায়তায় আসামি আলিম হাওলাদারকে গ্রেফতার করা হয়। এসময় তার তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার টগরা গ্রামে অভিযান চালিয়ে আরও ১ লাখ ১০ হাজার টাকা জব্দ করে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আলিমের দেখানো মতে ১২ অক্টোবর বিকালে নিউমার্কেট কমপ্লেক্স এলাকা থেকেই চুরির কাজে ব্যবহৃত একটি কাটা শাবল (তালা ভাঙার কাজে ব্যবহৃত) উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) সজিব মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, গ্রেফতার আলিম হাওলাদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দীর্ঘ ১০ বছর ধরে বিশ্বাস বিল্ডার্সের নিউমার্কেট কমপ্লেক্সে ইন্টেরিয়র ডিজাইনের কাঠের কাজ করতেন। সাম্প্রতিক সময়ে আর্থিক সংকটে পড়ায় তিনি চুরির পরিকল্পনা করেন।
আলিম পুলিশের কাছে আরও জানান, মামলায় ২১ লাখ টাকা চুরির কথা উল্লেখ থাকলেও তিনি প্রকৃতপক্ষে নিচতলার ৭০ নম্বর দোকান থেকে প্রায় ৩০ লাখ টাকা চুরি করেছেন। চতুর্থ তলায় প্রবেশের চেষ্টা করেও সেখানে তালা ভাঙতে পারেননি গ্রেফতার আলিম।
তদন্ত কর্মকর্তা এসআই সজিব মিয়া বলেন, গ্রেফতার আলিম হাওলাদারের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে পাঠানো হবে। চুরি কাজে ব্যবহৃত তালা ভাঙার একটি শাবল ও চুরির এক লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়েছে।