রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাজধানীর হাজারীবাগে মোছা. সিনথিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর থেকে সিনথিয়া আক্তারের স্বামী ইব্রাহিম চৌধুরী পলাতক বলে জানা গেছে।

নিহতের ভাই মো. রুবেল জানান, তারা সকালে খবর পান সিনথিয়া খুব অসুস্থ। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে তারা ঢামেকের জরুরি বিভাগে এসে দেখেন সিনথিয়া মারা গেছেন।

তিনি আরও জানান, ১৪ মাস আগে ইব্রাহিম চৌধুরীর সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সিনথিয়াকে নির্যাতন করে আসছেন তার স্বামী। গতকাল তার বুকে পিস্তল ঠেকিয়ে তাকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে বলেন ইব্রাহিম চৌধুরী। আত্মহত্যা না করলে সিনথিয়ার মা-বাবাকে হত্যা করার হুমকি দেন ইব্রাহিম চৌধুরী।

সিনথিয়া নেত্রকোনার দুর্গাপুর থানার শিবির গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে। হাজারীবাগের ঝাউচর বাজার এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin