রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেনকে আজ আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। আসামিপক্ষ থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাদ্দাম হোসেনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ২ আগস্ট নিউমার্কেট এলাকায় গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় হাবিবুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন।
এদিকে আজ সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিরপুর থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য জানিয়েছেন।