সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। রোববার (২১ সেপ্টেম্বর) স্বাগতিক লঙ্কানদের ৪-০ গোলে হারিয়ে ‘এ গ্রুপ’ সেরা হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।
কলম্বোতে আজ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে জয় পেয়েছে বাংলাদেশ।
ম্যাচের ১৮ মিনিটেই বাংলাদেশ এগিয়ে যায়। গোল কিক নেন শ্রীলঙ্কার গোলকিপার সাথীন। তার নিচু করে নেওয়া শট বক্সের বাইরে পেয়ে যায় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তবে তার শট ফিরিয়ে দেন লঙ্কান গোলকিপার। ফিরতি বলে গোল করে দলকে লিড এনে দেন মোহাম্মদ আরিফ।
২৪ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে মানিকের ক্রসে হেড করেন অপু রহমান। তবে তার হেড ফিস্ট করে ফিরিয়ে দেন শ্রীলঙ্কার গোলকিপার। ফিরতি বলে নাজমুল হুদার শট গোললাইন থেকে ক্লিয়ার করেন লঙ্কার ডিফেন্ডার। ৩৮ মিনিটে বাংলাদেশের সামনে বাধা হয়ে দাড়ায় ক্রসবার। নাজমুলের ক্রসে উড়ে আসা বলে হেড করেন মানিক। বল ক্রসবারে বাধা পেয়ে ফিরে আসে। ৪৪ মিনিটে নাজমুল ফয়সালের বাড়ানো বলে রিফাত কাজি নেওয়া শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন শ্রীলঙ্কার গোলকিপার।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে সময় নেয়নি বাংলাদেশ। ৪৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দলকে এগিয়ে দেন রিফাত কাজী। সতীর্থের পাস থেকে বল পেয়ে একাই বল নিয়ে এগিয়ে যান তিনি। এক ডিফেন্ডারকে কাটিয়ে রিফাতের জোড়ালো শট শ্রীলঙ্কার গোলকিপারের হাত ছুঁইয়ে জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
৫৭ মিনিটে বক্সের বাইরে থেকে নাজমুল হুদা ফয়াসালের দূরপাল্লার শট ফিরিয়ে দেন শ্রীলঙ্কার গোলকিপার।
তবে ৬৪ মিনিটে নিরাশ হতে হয়নি বাংলাদেশকে। সাব্বির ইসলামের দূরপাল্লার শট ফিরিয়ে দেন লঙ্কান গোলকিপার, ফিরতি বলে গোল করে ব্যবধান ৩-০ করেন রিফাত।
৮৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রিফাত। বক্সের সামনে থেকে ফয়সালের ক্রস থেকে বা পায়ের নিচু শটে বল গড়িয়ে দূরের কোন দিয়ে জাল খুজে নেয়।
চার দলের 'বি' গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। সোমবার গ্রুপ পর্বে মুখোমুখি হবে প্রতিবেশি এই দুই দেশ।