রঙ মেশানো ১২ হাজার কেজি মুগডাল জব্দ

রঙ মেশানো ১২ হাজার কেজি মুগডাল জব্দ

রাজশাহীতে রঙ মেশানো ১২ হাজার ৫০ কেজি মুগডাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে পোকামাকড়যুক্ত ডাল এবং নিম্নমানের খাদ্যপণ্য মজুতের দায়ে দুই ডাল মিল মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।  

বুধবার (৫ নভেম্বর) বিকালে জেলার চারঘাট উপজেলার হলিদাগাছি স্টেশন এলাকার মামা-ভাগ্নে এন্টারপ্রাইজ (ডাল ক্র্যাসিং অ্যান্ড সর্টিং মিল) ও মেসার্স পারভেজ এন্টারপ্রাইজে (ডাল অ্যান্ড সর্টিং মিল) জরিমানা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার ইয়ামিন হোসেন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাল মিলগুলোতে অভিযানকালে মামা-ভাগ্নে এন্টারপ্রাইজ অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, সরবরাহ ও বিক্রি এবং পোকামাকড়যুক্ত ডাল, নিম্নমানের খাদ্যপণ্য মজুত করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর (ধারা ৩৯) বিধান অনুযায়ী মামাভাগ্নে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাসির উদ্দিনকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া হলিদাগাছির মেসার্স পারভেজ এন্টারপ্রাইজের প্রোপাইটর বাবর আলীকে খাদ্য ব্যবসা পরিচালনাকালে কর্তৃপক্ষকে খাদ্য ব্যবসা সংশ্লিষ্ট পরিদর্শন, তদন্ত, নমুনা সংগ্রহ এবং পরীক্ষাকরণে সহযোগিতা না করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর (ধারা ৪০) বিধান অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। দুই ডাল মিল মালিকের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। এ ছাড়া রঙ মেশানো ৪৭২ বস্তা মুগডাল জব্দ করা হয়। যার ওজন ১২ হাজার ৫০ কেজি।

এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার ইয়ামিন হোসেন বলেন, ‘চারঘাটে ৪৭২ বস্তা রঙ মেশানো মুগডাল জব্দ করা হয়েছে। এ সময় দুই ডাল মিল মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin