রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা শিওরক্যাশ বন্ধ হয়ে গেছে

রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা শিওরক্যাশ বন্ধ হয়ে গেছে

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালী ব্যাংক শিওরক্যাশ’ বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার থেকে শিওরক্যাশের সেবা পাবেন না গ্রাহকেরা। এর পরিবর্তে নতুন মোবাইল ব্যাংকিং সেবা রূপালীক্যাশ চালু করতে যাচ্ছে রূপালী ব্যাংক। অবশ্য এর জন্য এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্রাহকদের।

রূপালী ব্যাংক কর্তৃপক্ষ জাতীয় দৈনিক পত্রিকা বিজ্ঞাপন দিয়ে বিষয়টি জানিয়েছে। যদিও কেন ‘রূপালী ব্যাংক শিওরক্যাশ’ বন্ধ হলো, সেটি বলা হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, রূপালী ব্যাংকের বর্তমান মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালী ব্যাংক শিওরক্যাশ’ আজ শুক্রবার থেকে বন্ধ হবে। ২৫ সেপ্টেম্বর ব্যাংকের নতুন মোবাইল ব্যাংকিং সেবা রূপালীক্যাশ চালু হচ্ছে। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, শিওরক্যাশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিপাকে ছিল রূপালী ব্যাংক। বেসরকারি প্রতিষ্ঠান প্রগতি সিস্টেমস লিমিটেডের সেবা শিওরক্যাশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মোবাইল ব্যাংকিং সেবা পরিচালনা শুরু করেছিল রূপালী ব্যাংক। এর মাধ্যমে সারা দেশে বৃত্তি, ভাতা বিতরণ, ভর্তুকি প্রদানসহ মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। করোনার পর হঠাৎ সেবার ধরন পরিবর্তনের উদ্যোগ নেয় প্রগতি সিস্টেমস। মোবাইল ব্যাংকিং সেবা না দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। এতে রূপালী ব্যাংক বিপদে পড়ে যায়।

পরবর্তী সময়ে প্রগতি সিস্টেমও শিওরক্যাশের ডেটা সেন্টারসহ সব সিস্টেম রূপালী ব্যাংকের কাছে হস্তান্তর করে। তখন সিদ্ধান্ত হয়, রূপালী ব্যাংক কর্মকর্তারা দক্ষতা অর্জন করে শিওরক্যাশ সেবাটি চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। টিকে থাকলে পরে এ সেবার নামেও পরিবর্তন আনবে ব্যাংকটি।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin