জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র আসামি শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এ সম্পদের পরিমান ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা। তার নিজ নামের ২৭টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, শেখ ফজলে নূর তাপস তার নামের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে সম্পদগুলো হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে। সেজন্য সম্পদগুলো অবিলম্বে ফ্রিজ করা একান্ত প্রয়োজন।