সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহ উদ্দীন আহমাদ আর নেই

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহ উদ্দীন আহমাদ আর নেই

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহ উদ্দীন আহমাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সালাহ উদ্দীন আহমাদ নানা রোগে ভুগছিলেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন বলে জানান তাঁর মেজ সন্তান আবরার আহমাদ।

আবরার আহমাদ প্রথম আলোকে বলেন, আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর বাবার জানাজা হবে। বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের ১৪তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০০৮ সালের ২০ জুলাই দায়িত্ব নিয়েছিলেন সালাহ উদ্দীন আহমাদ। এর আগে ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১২ জানুয়ারি অ্যাটর্নি জেনারেল পদ থেকে তিনি পদত্যাগ করেন।

সালাহ উদ্দীন আহমাদের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ অবকাশকালীন হাইকোর্ট ও আপিল বিভাগ বসবেন না বলে এক খুদে বার্তায় জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন।

১৯৪৮ সালের ৮ ফেব্রুয়ারি নরসিংদী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সালাহ উদ্দীন আহমাদ। তিনি ১৯৬৯ সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ল স্কুল থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে ঢাকা জেলা বারে আইন পেশা শুরু করেন সালাহ উদ্দীন আহমাদ। তিনি ১৯৮২ সালের ১৮ জুন হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ১৯৭০–এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন তিনি।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin