সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) ২০২৫ সালের লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের পারভীন মাহমুদ। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার সিটি অব ড্রিমস–এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
পারভীন মাহমুদ তাঁর ক্যারিয়ারে শুরু করেন ব্র্যাক ও পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে। তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের পার্টনার ছিলেন।
নারী ক্ষমতায়ন, সামাজিক উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বিষয়ে দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই হিসাববিদের। তিনি লায়ন্স ইন্টারন্যাশনালের প্রগ্রেসিভ মেলভিন জোন্স ফেলো।
পারভীন মাহমুদ আইসিএবির প্রথম নারী প্রেসিডেন্ট ও সাফার প্রথম নারী বোর্ড সদস্য হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তিনি বর্তমানে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’, ‘মাইডাস, হার স্টোরি ফাউন্ডেশন’ এবং ‘শাশা ডেনিমস পিএলসি’র চেয়ারপারসন। এর আগে তিনি ইউসেপ বাংলাদেশ ও অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পারভীন মাহমুদ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে ‘টপ ফিফটি প্রফেশনাল অ্যান্ড কেরিয়ার উইমেন অ্যাওয়ার্ড–২০২৩’ অন্যতম।