জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় মো. মালেক হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া একই এলাকায় নিহত কিশোর আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বুধবার (২২ অক্টোবর) ঢাকা আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমান এবং আরেকটি হত্যা মনিরুল ইসলামকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আদালত সেটি মঞ্জুর করেন।
সালমান ও আনিসুলের মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ী থানার চৌরাস্তায় আন্দোলনে অংশ নেন মো. মালেক। ঘটনার দিন সকাল ১১টায় তার তলপেটে গুলি লাগে। পরে চিকিৎসা শেষে এ বছরের ২৬ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা করেন মালেক।
মনিরুলের মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ২১ জুলাই যাত্রাবাড়ী থানার গোয়ালবাড়ী মোড়ে আন্দোলনে অংশ নেয় ১৬ বছরের কিশোর আল আমিন। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে গুলিতে মারা যান। এ ঘটনায় গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা করেন নিহতের বাবা ওবায়েদুল ইসলাম।
গত বছরের ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে সদরঘাট থেকে গ্রেফতার করে পুলিশ।