২ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

২ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

বরিশাল: ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে আটক করেছে জনতা।

খবর পেয়ে আটকদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

আটকরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার চর কামারকান্দি গ্রামের চান মিয়া ভূইয়ার ছেলে আবু জাফর ও মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের বাসিন্দা সামাদ খান।

ছিনতাইয়ের শিকার ব্যাংক গ্রাহক জাহানারা বেগম বলেন, বুধবার (২২ অক্টোবর) দুপুরে মেদাকুল বাজারের সোনালী ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করে এক লাখ টাকা আমার স্বামীর হাতে দিয়ে আরেক লাখ টাকা গণনা করছিলাম। এরই মধ্যে এক ব্যক্তি আমার হাত থেকে টাকা ছিনতাই করে দৌঁড়ে পালায়। আমি চিৎকার দিয়ে ওই ছিনতাইকারীর পিছু নেই। এ সময় আমার ডাক চিৎকারে ব্যাংকের নিরাপত্তা রক্ষী ও স্থানীয়রা ধাওয়া করে ওই ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে ওই ছিনতাইকারীর সহযোগীকেও আটক করা হয়।

বাজারের ব্যবসায়ী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের নারী গ্রাহকের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয় জনতা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটকদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, খবরপেয়ে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

এমএস/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin